ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

পাউরুটি তৈরিতে ব্যবহার করা হচ্ছিল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান পটাশিয়াম ব্রোমেট। পাশাপাশি খাদ্যপণ্য সংরক্ষণে ব্যবহার করা হচ্ছিল কালিযুক্ত কাগজ। বেকারির পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এমন নানা অনিয়মের দায়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অবস্থিত যমুনা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, যমুনা বেকারিতে উৎপাদিত পাউরুটিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল কালিযুক্ত কাগজ। বেকারির সার্বিক পরিবেশও ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। একই সঙ্গে বাধ্যতামূলক বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীন জানান, এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারির মালিক মো. শ্যামল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান শেষে হিল্লোল চাকমা জানান, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ কিংবা বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬