সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা একটি সেতুর নাম ফলকে ‘এসো শিবির করি’ লেখা হয়েছে। এনিয়ে স্থানীয় রাজনীতিবিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কে প্রধানমন্ত্রীর নাম ফলকে এমন কাজ করলো তা নিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। সড়কে আগুন জালিয়ে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

 


জানা যায়- ২০০১ সালে প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় ফেঞ্চুগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সংক্রান্ত একটি নাম ফলক বসানো হয়। ১ ফেব্রুয়ারি ২০০১ সালে স্থাপিত এ সেতুর ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধনের নাম ফলকে লেখা আছে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতো দিন চলে গেলেও গতকাল শুক্রবার (১১ নভেম্বর) কোন এক সময় কে বা কারা শিবির করার জন্য আহ্বান জানিয়ে ‘এসো শিবির করি’ লিখে রেখেছে। বিষয়টি শুক্রবার বিকেলের দিকে স্থানীয় রাজনীতিবিদদের  নজরে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। তাৎক্ষণিকভাবে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে মহাসড়কে আগুন জালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ, যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, এস এম মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, ফাহিম দেওয়ান, কাবিলুর রহমান সুহেল, রেজাউর রহমান রেজু, শাহ আরিব, সদস্য ইমরান, আজিম, পাপ্পু, রুহান, উজ্জল, মামুন, স্মরণ প্রমুখ।

 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী অভি বলেন- ‘যারাই এমন ন্যাক্কারজনক কাজ করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছি। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

 

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন- ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/মুন্না-২