ভারতের মুম্বাই বিমানবন্দরে এক ঘণ্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা হলো বলিউড বাদশাহ শাহরুখ খানকে। শনিবার শুক্ল দপ্তরের কর্মকর্তারা বিমানবন্দর থেকে বের হতে বাধা দেয় কিং খানকে। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বাইয়ে ফিরছিলেন অভিনেতা।
কিন্তু কেন শাহরুখ খানকে এক ঘণ্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হলো? ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেতার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এ জন্য শাহরুখ ও তার ম্যানেজার পূজাকে আটক করা হয়। টানা এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।
একটি বইয়ের কভার উন্মোচন অনুষ্ঠানে শারজায় গিয়েছিলেন শাহরুখ খান। শারজা ইন্টারন্যাশন্যাল বুক ফেয়ারে বিশেষ সম্মান জানানো হয় তাকে। অনুষ্ঠান সেরে চার্টার জেট ভিটিআর-এসজি’তে চেপে শনিবার ভোরে মুম্বাইয়ে ফেরেন বাদশা।
খবরে বলা হয়েছে, এক ঘণ্টার জেরা শেষে ৬ লাখ ৮৩ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয় শাহরুখ খানকে।
এমনিতে কিং খানের দামি ঘড়ি পরার শখ কারও অজানা নয়। দেশে-বিদেশের বহু হাতখড়ি রয়েছে বলিউড বাদশাহর কালেকশনে। সেই শখ মেটানোর জন্যই এবার জেরার মুখে পড়লেন তিনি।
জানা গেছে, শুল্ক দপ্তরের কর্মকর্তাদের শাহরুখ সবরকম সহযোগিতা করেছেন। নিয়ম-মাফিক যা যা করতে বলা হয়েছে, সব শর্ত পূরণ করেছেন। এরপর ম্যানেজারের সঙ্গে বেরিয়ে যান শাহরুখ। তবে কিং খানের বডিগার্ড রবি সিং এবং টিমের বাকি সদস্যরা আটকই ছিলেন।
এয়ার ইন্টালিজেন্স ইউনিটের সূত্র মতে, শনিবার সকাল ৮টা পর্যন্ত শুল্ক দপ্তরের এই প্রক্রিয়া চলে। সেই প্রক্রিয়া মেটার পরই শাহরুখের বডি গার্ড ও বাকিদের এয়ারপোর্ট ছাড়ার অনুমতি দেন কাস্টমস কর্মকর্তারা।
কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ঘড়ির বিল ছিল শাহরুখ খানের বডিগার্ড রবি সিংয়ের নামে। যদিও কাস্টম ডিউটি চোকানো হয়েছে শাহরুখ খানের ক্রেডিট কার্ড দিয়েই। গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত শাহরুখ খানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪




