‘কোভিড-১৯’ মহামারির দুটি ঢেউয়ের পর এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি।
‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের উদ্যোগে কুলাউড়ার সকল ইউনিয়নের পতিত জমি ও বাড়ির উঠানে চাষের জন্য জনসাধারণের মাঝে বিনামূল্যে মৌসুমী শাকসবজির বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ডা. নারায়ণ চন্দ্র দাসের সমন্বয়ে আনোয়ার পারভেজ জনি তালুকদারের পরিচালনায় ভাটেরা, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নে মৌসুমী শাকসবজি চাষে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। এতে ভাটেরা ইউনিয়নে সমন্বয় করেন ইউপি সদস্য সাইদুল ইসলাম পাখি, বরমচালে ইউনিয়নে ইউপি সদস্য শাহদাৎ হোসেন সাজু, ইউপি সদস্য তইমুছ খান, মহিলা ইউপি সদস্য মনি কানু এবং ভূকশিমইল ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফজলুল রহমান ফজলু।
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, 'আমাদের বাংলাদেশে যেন কোনো রকম খাদ্যের অভাব দেখা না দেয়। সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, জমি আছে- সেখানে কিছু উৎপাদন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় আমার ব্যক্তিগত উদ্যোগে কুলাউড়ার জনসাধারণের মঙ্গলার্থে মৌসুমী শাকসবজির বীজ বিতরণ কর্মসূচি। চারটি গ্রুপে সকল ইউনিয়নের জনসাধারণদের মধ্যে শীতকালীন সবজির এ বীজ বিতরণ করা হবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-০৭




