সিলেটে পরিবহন শ্রমিকদের সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে সিলেট ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং- ২১৫৯, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, পারাইরচক’র সভাপতি সভাপতি দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর নামের দুই পরিবহন শ্রমিক নেতার বিরুদ্ধে। 

 


বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এ দুই পরিবহন শ্রমিক নেতারা প্রতিদিন প্রায় ৫ লক্ষ টাকা চাঁদাবাজি করেন বলে সিলেটের জেলা প্রশাসক বরাবর এক অভিযোগ করেছেন সিলেট সদর ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং- ২১৫৯’র সভাপতি মো. জালাল খান ও সাধারণ সম্পাদক মো. আফরোজ আলী।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সিলেটের ডিসি বরাবর এ অভিযোগ দায়ের করেন তারা।

 

অভিযোগ সূত্রে জানা যায়- সিলেট ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং- ২১৫৯, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, পারাইরচক’র সভাপতি দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর সিলেট জেলা ও মহানগরের ৪২ টি স্থানে নিয়মিত অবৈধভাবে চাঁদা উত্তোলন করেন। কিন্তু কোনো শ্রমিক প্রতিবাদ করলে তাদের মালামাল লোড-আনলোড করা থেকে বিরত রাখা হয়। প্রায় ১৫ দিন গাড়ী পরিচালনা করা থেকে বিরত রাখায় নিরীহ শ্রমিকদের পরিবার অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছেন। দিলু মিয়া ও আব্দুল গফুর নামের এ দুই শ্রমিক নেতার চাঁদাবাজিকে কেন্দ্র করে ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কায় দিলু ও গফুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এবং ন্যায় বিচারের আশায় ডিসি বরাবর আবেদন করেছেন বলে জালাল-আফরোজ উল্লেখ করেছেন।

 

অভিযোগ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বলেন- ‘অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডালিম/মুন্না-১