সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। মাঠে ক্যাম্পগুলো বাইরে নানা ধরনের দোকান বসেছে; চলছে রান্না, খাওয়া। সব মিলিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এছাড়াও মাঠজুড়ে বিভিন্ন জিনিস ও খাবারে পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। তাদেরও বিকিসিকি হচ্ছে ভালো। 


শুক্রবার দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মাঠে স্থাপিত ক্যাম্পগুলোতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা অবস্থান করছেন। ভাসমান ব্যবসায়ীরা সেখানে বেচাবিক্রি চালাচ্ছেন।

অপরদকিে, মাঠে বিভিন্ন নেতার স্থাপিত ক্যাম্পগুলোতে বড় বড় হাঁড়িতে রান্নার করা হচ্ছে। সমাবেশে আসা নেতা-কর্মীদের জন্য হচ্ছে এসব রান্না। 

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি জানান, “আজ আমার লোকেরা ১০ হাজার লোকের জন্য মুরগি দিয়ে পোলাও রান্না করছে। রান্না শেষ হলে মাঠে থাকা যেকোনো নেতা-কর্মী এই খাবার খেতে পারবেন।”

হবিগঞ্জ ক্যাম্পে থাকা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক সদস্য জানান, তাদের ক্যাম্পে ৪০০ জনের জন্য রান্না হয়েছে। নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত থেকে মাঠে অবস্থান করছেন।

শুক্রবার সকালে সমাবেশস্থল পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “আপনারা দেখেন, আগামীকাল (শনিবার) আমাদের সমাবেশ। বৃহস্পতিবার থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।’ আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই গত ১৩ বছর ধরে করছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সব কাজও সম্পন্ন।”

দুপুরের পর থেকে সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে দাবি করে তিনি বলেন, “যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকে রাতের মধ্যেই দেখবেন। সমস্ত শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে। বাধা-বিপত্তি অতিক্রম করে জনতা আসছেন।’’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সংগঠনিক বিভাগে সমাবেশ করছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম