রোববার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। মাসব্যাপী চলা বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে সিলেটের ফুটবলপ্রেমীদের মাঝেও শুরু হয়েছে আনন্দ-উন্মাদনা।
সিলেটে ফুটবল ভক্তরা প্রিয় দলের জার্সি সংগ্রহ করছেন। ছাদে ছাদে উড়িয়েছেন প্রিয় দলের পতাকা। কোন দলের ভক্তরা কত বড় পতাকা লাগাবেন- শুরু হয়েছে সেই প্রতিযোগিতাও। এমনকি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ অফিস ও পরিবহনেও শোভা পাচ্ছে ভক্তদের লাগানো প্রিয় দলের পতাকা।
সিলেটের সব বয়েসি মানুষই ফুটবল খেলতে ও দেখতে পছন্দ করেন। প্রতি চার বছর পর পর যখন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তখনই খেলাপাগল সিলেটিরা নাওয়া-খাওয়া ভুলে উন্মাদনায় মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
সিলেটে এরই মধ্যে পতাকা ও জার্সি বিক্রির ধুম পড়ে গেছে। দোকান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বিভিন্ন মানের ও দামের জার্সি বিক্রি হচ্ছে। ক্ষেত্রবিশেষে ২০০ থেকে ২ হাজার টাকায়ও এক-একটি জার্সি বিক্রি হচ্ছে। কেউ আবার অনলাইন থেকে অর্ডার দিয়েও জার্সি কিনছেন। দর্জির দোকান থেকে কেউ কেউ নিজের নাম ও প্রিয় ফুটবল তারকার জার্সি নম্বরসহ সাইজমতো জার্সি বানিয়ে নিচ্ছেন।
দক্ষিণ সুরমার শিক্ষার্থী মাহফুজুল হক ফাহাদ সিলেটভিউ-কে বলেন, ‘বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের জার্সি পড়ে দলটির সব খেলা দেখব। বন্ধুরা মিলে এরই মধ্যে নিজেদের নামে প্রিয় খেলোয়াড়ের জার্সি নম্বরসহ এক-একটি জার্সি বানিয়ে নিয়েছি। এখন শুধু খেলা দেখার অপেক্ষা।’
তবে শুধু জার্সি নয়, এর সঙ্গে প্রিয় দলের লোগোসহ মাথার ক্যাপ, মাস্ক, মোবাইল কভারসহ অন্যান্য আইটেমেরও বেশ চাহিদা রয়েছে। অনলাইনে এরই মধ্যে বিভিন্ন পেজে এসব পণ্য ক্রয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ দেখা যাচ্ছে।
সিলেট মহানগরসহ গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলি এখন বিভিন্ন ফুটবল দলের পতাকায় ছেয়ে গেছে। ফুটবলপ্রেমীরা বাসার ছাদ, আঙিনা, দোকান, গাছের ডালসহ বিভিন্ন স্থানে পতাকা টাঙিয়েছেন। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পতাকাই বেশি এগিয়ে আছে।
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার পতাকা বিক্রেতা শামিম জানান, বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে বিক্রি জমে উঠেছে। বড় পতাকার চাহিদা সবচেয়ে বেশি। শিশু ও তরুণরা সবচেয়ে বেশি পতাকা কিনছেন।
অপরদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সিলেটের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের টিমের স্বপক্ষে প্রতিদিনই একাধিক স্ট্যাটাস দিচ্ছেন। প্রতিপক্ষ দলের সমর্থকদের নিয়ে করছেন হাস্যরস। সবাই নিজ নিজ দলের বিশ্বকাপ জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করছেন ফেসবুকে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




