সুজন খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর। কিন্তু হৃত্বিকের জীবনে বসন্ত হয়ে এসেছেন সাবা আজাদ। এই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। চলতি বছর করবা চৌথের দিন সাবার সঙ্গে তার সম্পর্কে নিজেই সিলমোহর দেন হৃত্বিক।

তবে হৃত্বিক-সাবা জুটি হয়ে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে আসেন করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে। তারপর খুব বেশি সময় না নিয়ে সাবার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন হৃত্বিক। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টুইটও করলেন অভিনেতা। তাকে এবং সাবাকে নিয়ে রটে যাওয়া জল্পনায় বিরক্ত তিনি।


সম্প্রতি গুজব ছড়ায় খুব শিগগির সাবা ও হৃত্বিক নাকি লিভ টুগেদার শুরু করবেন। মুম্বাইয়ে একটি বাড়িতে ১৫ ও ১৬ তলায় ১০০ কোটি টাকা দিয়ে ডুপ্লে কিনেছেন হৃত্বিক। সেখানেই সাবাকে নিয়ে নতুন সংসার পাতবেন তিনি। জুহু-ভারসোভা সংযুক্ত রাস্তার উপর সমুদ্রমুখী এই ডুপ্লেতে এই মুহূর্তে জোরকদমে চলছে সাসজ্জার কাজ।

গুঞ্জন, কাজ শেষ হলে এই ডুপ্লেতে থাকা শুরু করবেন হৃত্বিক ও সাবা। তবে রবিবার সেই জল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছেন অভিনেতা। নিজের টুইটার অ্যাকাউন্টে হৃত্বিক লেখেন, ‘এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। জানি আমাদের জীবন নিয়ে কৌতূহল রয়েছে, কিন্তু ভুয়া খবর না ছড়ানোই ভালো।’

কাজের ক্ষেত্রে হৃত্বিকের মুক্তি পাওয়া শেষ ছবি ‘বিক্রম-বেদা’। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবি। এবার হৃত্বিকের অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তার পরবর্তী ছবি ‘ফাইটার’-এর জন্য। আদ্যপান্ত একটি অ্যাকশনধর্মী ছবিতে হৃত্বিকের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৬