তিনটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা।
এ উপজেলার শিল্প এলাকাখ্যাত নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ ডিসেম্বর।
শীতের আমেজের সাথে সাথে এই দুই ইউনিয়নের পাড়া, গ্রাম ও হাটবাজারে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এখানে সবচেয়ে বেশি আলোচনা কে হচ্ছেন নৌকার মাঝি?
নূরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মখলিছ মিয়া এবারো নৌকা চেয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইছহাক আলী সেবন এবার নৌকার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নয়রপুর ইউনিয়নের পাঁচবারের সোবেক চেয়ারম্যান বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসাইন মো. আদিল জজ মিয়া এবারো নৌকা প্রতীক চেয়েছেন। নৌকার জন্য লড়াই করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম বিপন, টিপু সুলতান, আলমগীর হোসেনসহ আরো ২-৩জন। স্বতন্ত্র হিসেবে মাঠে থাকবেন বিএনপির মোহাম্মদ আবু তাহের ও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম রাব্বানী।
নূরপুরে ১১ হাজার ৮১১ ও ব্রাহ্মণডোরায় ১০ হাজার ৩০২ জন ভোটার রয়েছেন এবার। জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকেও একাধিক প্রার্থী মাঠে নেমে ভোটারদের কাছে দোয়া এবং ভোট কামনা শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহার ১০ ডিসেম্বর। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কার্যক্রম চলছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম জেলার অনুমতি নিয়ে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রে থেকে দলীয় প্রার্থীদের নাম আসবে। ২০২১৭ সালের ২৮ ডিসেম্বর সর্বশেষ নির্বাচনে দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। গত বছরের জুন মাসে সারাদেশে নির্বাচন হলেও সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকার কারণে এই দুটি ইউনিয়নে তা স্থগিত রাখা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মামুন/এসডি-১১




