সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস এলাকার পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে বুধবার (৩০ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক।
এর আগে মঙ্গলবার বিকেলে কয়েকজন শিক্ষার্থীদের দেওয়া খবরের ভিত্তিতে ওসমানী ফাঁড়ি পুলিশ আবু সিনা ছাত্রাবাস এলাকার পরিত্যক্ত একটি কক্ষ থেকে কয়েকটি কুড়াল, হকিস্টিক ও ক্রিকেট স্টাম্প এবং জামায়াত-শিবিরের প্রচার-প্রচারণাপত্র উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
অস্ত্র উদ্ধার হওয়া কক্ষটি আগে শিবিরকর্মীদের দখলে ছিলো বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক বুধবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- আবু সিনা ছাত্রাবাস এলাকার ওই কক্ষ অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ কক্ষে কোনো ছাত্র থাকত না। এখানে কীভাবে এসব আসলে তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিবেন।
এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




