ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে মনে করছেন তারা।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭




