ছবি: সংগৃহিত
সিলেটে হাম ও হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে আছে হবিগঞ্জের লাখাই থানার নিজাম উদ্দিনের ছেলে ইরফান, তার বয়স মাত্র ৭ মাস, সুনামগঞ্জের ছাতক থানার আব্দুল হকের মেয়ে ৮ মাস বয়সী খুদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাওসারের ছেলে ৮ মাস বয়সী মাহিন।
এই তিনজনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২২৩। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯৫ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের হাম শনাক্ত হয়েছে। তারাসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছে ১৮০৬ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৭ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯১৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১১৯, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৪, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৭ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৫৫ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৪৬৯ ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৮৬ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮




