জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অয়োজনের সমাপনী দিন সম্পূর্ণ ভিন্নরকম বর্ণিল মাত্রায় পালন করলো মৌলভীবাজারের ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। 


বুধবার মৌলভীবাজার উপজেলা পরিষদ সংলগ্ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এ বিদ্যালয়টি বর্ণিল আয়োজনে মূখর ছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্রীড়া, সাংস্কৃতিক আয়োজন, আলোচনা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শিশুদের এ উৎসবমুখর অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য। আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোটিং এডুকেশন ফর আরলি লার্ণার্স প্রকল্পের সহযোগিতায় সপ্তাহব্যাপি এ আয়োজন উদযাপন করা হয়। বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে অনুষ্ঠানে যোগ দেয় অন্যান্য স্বাভাবিক স্কুলের শিশুরাও। এদিন শিক্ষক, অভিভাবক ও সুধিজনের অংশগ্রহনে মুখর হয়ে ওঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রাঙ্গন।



আলোচনায় অংশগ্রহন করে বক্তারা বলেন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈচিত্র, ন্যায্যতা আর অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে স্বাভাবিক শিশুদের সাথে সমান সুযোগ পেয়ে বেড়ে ওঠবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও। ‘আন্তর্জাতিক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় এবারও দেশব্যাপি ৩ ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। এরই অংশ হিসেবে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 


সমাপনী দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপি এ উৎসব সম্পন্ন হয়। দিনের শুরুতে বিশেষ চাহিদাসম্পন্ন, স্বাভাবিক শিশু, শিক্ষক, অভিভাবক ও সুধিজনের অংশগ্রহনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা উদ্ভোধন করেন মৌলভীবাজার উপজেলা নির্বাহি অফিসার সাবরীনা রহমান। 


আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রামস মো. আব্দুস সামাদ। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোতাহার বিল্লাহ চৌধুরী, আরডিআরএস বাংলাদেশের আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম হেড মো. আব্দুল মান্নান, ব্লুমিং  রোজেস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ডি. ডি রায় বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা রানী গোস্বামী প্রমুখ। 


স্কুলের সহকারী শিক্ষিকা দেবস্মিতা দেব রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের প্রমোটিং এডুকেশন ফর আরলি লার্ণার্স প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান।


ভিন্ন উপায়ে শিখন কৌশল, বিশেষ খেলাধুলা, কোরান ও গীতা পাঠ, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিশুদের পারদর্শীতার বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত দর্শকরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এ সকল আয়োজন মন্ত্রমূগ্ধ হয়ে উপভোগ করেন।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮