ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ের গেটের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, পল্টনে পুলিশের ৫০ থেকে ৬০ জন সদস্য আহত হয়েছেন। অনেক ভাঙচুর হয়েছে; জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কারণেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।


এ সময় বিএনপি কোথায় সমাবেশ করবে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা—সাংবাদিকরা জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বাঙলা কলেজের কথা জানিয়েছে পুলিশ। তবে তারা কমলাপুর স্টেডিয়ামে করতে চায়।

কিন্তু মাঠে খেলার পরিবেশ এবং গুরুত্ব বিবেচনায় বাঙলা কলেজে করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে বিএনপি আবার বলছে, তারা গোলাপবাগ মাঠের কথা। তবে বিএনপি প্রতিনিধিদের সঙ্গে গোলাপবাগ মাঠ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান ডিবিপ্রধান। তবে এখন পর্যন্ত পুলিশের সিদ্ধান্ত মিরপুর বাঙলা কলেজ।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৩টা ২০ মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান।

এরই মধ্যে আজ ভোরে আটক নিয়ে বিস্তারিত কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, ‘ডিবি পুলিশের চার সদস্য বাসার ওপরে এসেছিলেন এবং বাকি চারজন নিচে ছিলেন। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি।’

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশপাশে টহল দেয় ডিবি। পরে দিবাগত রাত ৩টার দিকে তারা বাসায় আসে। তাকে (মির্জা ফখরুল) আটকের পর ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে