ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।
বগুড়া-৫ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ তার বক্তব্যে বলেন, ‘আমাদের (বিএনপি) দলের সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবো।’
জিএম সিরাজের পর বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানাও তার বক্তব্যে বলেন, ‘আমাদের দলীয় এমপিরা সবাই সংসদ থেকে পদত্যাগ করছেন। সবাই ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আগামীকাল হাতে হাতে দেওয়া হবে।’
এর আগে শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। আর প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশটি সঞ্চালনা করছেন ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৫




