রাত ১২টা এক মিনিট, বিজয় দিবসের প্রথম প্রহরে মহান মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে গুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। ফুলে ফুলে ভরে যাবে প্রতিটি শহীদ বেদী।
দিবসটি সামনে রেখে চারদিকে ফুল বিক্রির ধুম পড়ে গেছে। ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অগ্রিম অর্ডার।
.jpg)
অর্ডারের ফুল বিক্রি করতেই দিনরাত ব্যস্ত দোকানিরা। সাধারণ ক্রেতারাও ফুল কেনার দৌঁড়ে পিছিয়ে নেই, ফুল কিনতে তারাও ছুটছেন দোকানে দোকানে। সবমিলিয়ে দোকানে দোকানে চলছে ফুল বিক্রির উৎসব।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট শহরের বিভন্ন ফুলের দোকান ঘুরে দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন দোকানিরা।
ফুল ব্যবসায়ীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যবসায়ীরা কয়েক সপ্তাহ আগ থেকেই ফুল সংগ্রহ শুরু করেন। এক্ষেত্রে স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়া হয়। তবে, চাহিদা বুঝে দূর-দূরান্তের বিভিন্ন জেলা ও উপজেলা শহর থেকে বাহারি রকমের ফুল আমদানি করা হয়।
আমরা দেশকে এখনো অনেক ভালবাসি, শহীদদের এখনো সম্মান করি, ফুল মার্কেটে সবার সরব উপস্থিতি তারই প্রমাণ দেয়।
তারা বলেন, প্রত্যেক বছর মহান বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ দিবসে প্রচুর ফুল বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। সরকারি, আধা সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ ব্যক্তি পর্যায় থেকে ফুল নেওয়ার জন্য আগাম অর্ডার আসে। নির্ধারিত সময়ের আগেই অর্ডার অনুযায়ী ফুল বুঝে দিতে হয়।
তারা আরও বলেন, বড় আকারের প্রত্যেকটি ফুলের তোড়া ১০০০-৩০০০ টাকা, মাঝারি আকারের ৮০০-৯০০ টাকা ও ছোট আকারের ৫০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-১৪




