না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদের পিতা বরেণ্য শিক্ষাবিদ হোসেন আহমদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ শিক্ষক হোসেন আহমদ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের নিবাসী ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৫৪ সালে নিদনপুর প্রাথমিক স্কুলে যোগদান করেন। পরে হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন ইউনিয়নের সাব ইন্সপেক্টর (স্কুল) হিসেবে ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে মৌলভীবাজার মহকুমা স্কুল পরিদর্শক ১৯৬৫ সালে, ১৯৭৬ সালে শিক্ষা অফিসে (বয়স্ক শিক্ষা) এরপর পিটিআইতে ১৯৭৮ হতে ১৯৮৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ব্রাহ্মনবাড়িয়ার পিটিআইতে ১৯৮৬-১৯৮৭ সাল এবং সিলেট পিটিআইতে ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কর্মরত থাকার পর অবসরে চলে যান। এরপর ১৯৯৫ হতে ১৯৯৮ সাল পর্যন্ত বিশেষ অনুরোধে জালালাবাদ চক্ষু হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছর আহমদ এডভোকেট, ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান রিপন, উপদেষ্টা ফয়সাল আহমেদ চৌধুরী মুন্না, তবরেজ খান, উপদেষ্টা তোরাব আলী, ইয়াং স্টার ক্লাবের সাবেক সভাপতি রুয়েদুর রহমান চৌধুরী মনি, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




