বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন কমিটির নেতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুরে ক্যাম্পাসে এ মিছিল করেন শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 


মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহের মাথায় এ কমিটি ঘোষণা করেন তিনি। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে তার সঙ্গী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিদায়ী সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে।

 

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি হওয়ায় শাবি ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছসিত। নতুন নেতাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’ 

এসময় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত-০২