মৌলভীবাজারের জুড়ীতে ইভিএম এর মাধ্যমে আগামী ২৯ ডিসেম্বর উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে প্রতিদ্বন্ধী প্রার্থীগণের সাথে ‘আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা’ অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
সভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন- জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাফিজুর রহমান, আনসার কমান্ডার আব্দুল মালিক।
উপস্থিত ছিলেন- ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মিয়া, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ মাসুক এর প্রতিনিধি সবুজ মিয়া। এছাড়া অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো আলমগীর হোসেন বলেন, ফুলতলায় সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে ১১ টি কেন্দ্রে ৩ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০২




