পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। সকাল ১০টায় সিলেটে পৌঁছান তিনি।

পরিদর্শনাকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাজ বিলম্ব হওয়ার বিষয়টি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। 


পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন- ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন কাজ বিলম্ব করার ট্রেডিশন রয়েছে। এটা চায়না বা জাপানিরা করে না। তারা মেয়াদের আগে কাজ শেষ করে।  মেট্রোরেলের কাজও তারা ৬ মাস আগে শেষ করেছে, টাকাও ফেরত দিয়েছে। বাংলাদেশিদের চেয়ে চীনারা অনেক অভিজ্ঞ। তারা চাইলে জনবল ও ইকুইপমেন্ট বাড়িয়ে ২০২৩ সালেই নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন করতে পারে।

মন্ত্রী আরও বলেন- জমি সংক্রান্ত জটিলতার কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছিল। সেটি আমরা সমাধান করেছি।  রেলওয়ে ব্যতিরেকে নিজের নির্বাচনী ওয়াদাগুলো পালন করতে সক্ষম হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ ও প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম