সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)- এর উদ্যোগে ‘৫ম পুসাব বৃত্তি পরীক্ষা- ২০২২’ ও উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয় এবং নওয়াপাড়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচিগুলো সম্পন্ন হয়।
পরীক্ষার দুটি কেন্দ্রে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ।
এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষায় স্কুল ও মাদরাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির ১৯০ জন শিক্ষার্থী অংশ নেন। বৃত্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই সংগঠনটির ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে বলে জানান আয়োজকরা।
দেড় ঘন্টাব্যাপী পরীক্ষার পর বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। পুসাবের সভাপতি তানজিলা জামান রেমির সভাপতিত্বে এতে আলোচক হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল হালিম, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমুল হাসান, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ। বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুসাবের সাবেক সাধারণ স¤পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুসাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আমিন নিয়াজ, বর্তমান সহসভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুর রহমান শিশির, সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম রুমান প্রমূখ।
সুষ্ঠুভাবে আয়োজন সফল করার জন্য পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও পুসাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ৩০শে জুলাই ২০১৪ খ্রিষ্টাব্দে আত্মকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।
সিলেটভিউ২৪ডটকম /নোমান/ নাজাত-০৩




