এক সময়ের ভাটীর রাজধানীর মৎস্যভান্ডার খ্যাত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা। মিটা পানির মাছ আর মাছের শুটকির কদর ছিলো দেশ ও দেশের বাইরে। কিন্তু দিন বদলের স্রোতে নদী, বিল থেকে দেশীয় মিটা পানির মাছ কমে যাওয়া, যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুনে ভরপুর বিভিন্ন মাছের শুটকি।

প্রতি বছরের আশ্বিন মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত এই শুটকি মাছ উৎপাদন ও বিক্রি চলছে বহু যুগ ধরে। এক সময়ে উপজেলার সদর, নোয়াগাও, নোয়াগড়, বিরাট, কোদালিয়া, বদলপুরে  শুঁটকি প্রক্রিয়াজাতকরণের অসংখ্য ডাঙ্গাই (চাতল) থাকলেও মাছ সংকটের কারনে হাতেগোনা কয়টি ছাড়া বন্ধ হয়েছে সব ডাঙ্গা। ডাঙ্গায় আগে দেশীয় প্রজাতির পুঁটি, চিংড়ী, কাকিয়া, শৌল, গজার, টাকি, বাইম, টেংরাসহ বিভিন্ন প্রজাতির শুঁটকি তৈরি করা হলেও এখন মাছের অভাবে পুঁঠি ছাড়া আর তেমন কোন মাছের শুটকি তৈরি হচ্ছে না।


উৎপাদনকারীরা বলছেন মাছের সংকট এবং মাছের মুল্য বৃদ্ধি এবং স্থানীয় মৎস্য বিভাগের কোন রকমের সহযোগীতা না থাকায় লোকসানে অনেকটাই মুখ থুবড়ে দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে এই শুটকি উৎপাদন। অনেকেই এই পেশা ছেড়ে যোগ দিচ্ছেন নতুন পেশায়।

উপজেলা মৎস্য অফিস বলছে, গত বছরের ৭ টি চাতালের হিসেব থাকলেও চলতি বছরে কয়টি চাতাল রয়েছে কিংবা গত বছর এবং চলতি বছরে উপজেলায় কি পরিমাণ শুটকি উৎপাদন হয়েছে তার কোন তথ্য নেই মৎস্য অফিসে।

উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাঘের শুটকি উৎপাদনকারী গনেশ দাস বলেন, গত একযুগের বেশী সময় ধরে শুটকি উৎপাদন করছি আগে শুটকি উৎপাদন মৌসুমে চাতালে প্রতিদিন বিভিন্ন রকমের প্রায় ১ হাজার ২ শত  থেকে ১ হাজার ৬শত কেজি  মাছ কিনে শুটকি বানাতাম। কিন্তু গতবছর  এবং চলতি বছরে গড়ে প্রতিদিন মাত্র  ১শত থেকে ২ শত কেজি মাছ পাচ্ছি। তাও সব ধরনের মাছ পাইনা শুধু পুঁঠি ও ছোট মাছ।

প্রতাপ চন্দ্র দাস জানান, গত বছরও এই এলাকায় ৬ টি চাতল ছিলো। কিন্তু মাছের সংকটে ২ টি চাতল বন্ধ হয়ে গেছে। ভাবছি আগামী বছর থেকে আর চাতল করবো না, মাছ পাওয়া যায় না। ভাল মাছ যা আসে তা বেশী দামে আড়ৎদার নিয়ে যায়। বেশী দামে মাছ কিনে শুটকি তৈরি করলেও তা বেশী দামে বিক্রি করা যায় না।

জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিভিন্ন কারনে নদ-নদীতে মাছের উৎপাদন কমে গেছে। যার কারনে জেলায় শুটকি উৎপাদন কমছে। তবে যারা এখনো শুটকি উৎপাদনে জড়িত আছেন আমাদের মৎস্য অধিদপ্তর থেকে তাদের  প্রশিক্ষণ দেয়া অব্যাহত আছে।


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি/ইআ-০১