প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের দুইজন কর্মকর্তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজি’জ) ব্যাজ-২০২২’ প্রদান করা হয়েছে। 

এই দুই কর্মকর্তারা হলেন- এসএমপি’র উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী ও অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ -উত্তর) গৌতম দেব।


এ উপলক্ষে পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই পুলিশ কর্মকর্তাকে আইজি’জ পরিয়ে দেন অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। 

উল্লেখ্য, উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী ২৭তম বিসিএস ব্যাচে পুলিশে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জে কর্মরত থাকাকালীন নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ শহরে ২৪ ঘন্টার মধ্যে যানজট স্ট্যান্ড হকার অটো রিকশা কর্তৃক সমস্যা সমাধান করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করেন।বর্তমান তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগে দায়িত্বরত আছেন।

এদিকে, অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ -উত্তর) গৌতম দেব ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশে সহকারী পুলিশ কমিশনার পদে যোগদান করেন। গত বছরের ২৩ মে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। এ ইউনিটে যোগদানের পর হতে এখন পর্যন্ত বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ড সম্পাদন করেছেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্যুটকেসেবন্দি থাকা চার বছরের শিশুর পরিত্যক্ত লাশ উদ্ধার রহস্য উদঘাটন ও এ মামলার প্রধান আসামি গ্রেফতার, মনির হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান, ৩০০ যুবকের ১০ কোটি টাকা হাতিয়ে ট্রাভেলিং এজেন্সি উধাওয়ের ঘটনার প্রধান আসামি গ্রেফতার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হতে সরকারি মোবাইল চুরির ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবাববন্দী প্রদান, আমেরিকান এম্বাসি ঢাকা বাংলাদেশ কর্তৃক দাখিলকৃত অভিযোগে ভিসা জালিয়াতির ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার, শাবিপ্রবির ভিসিকে অপসারণের দাবিতে ছাত্র আন্দোলনের সার্বক্ষণিক দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা, নিজ উদ্যোগে হারানো ও চোরাকৃত মোবাইল উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, বিভাগীয় মামলা ও অভিযোগ নিষ্পত্তি এবং থানায় রুজুকৃত বিভিন্ন মামলা তদারকি।

উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে আইজি’জ) ব্যাজ-২০২২’ প্রদান করা হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম