শাল্লা উপজেলার সুখলাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার পরলোকগমন করেন।

 


সোমবার (৯ জানুয়ারি) সকাল ৬ টায় শাল্লা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরলোকগমন করেন।

 

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার বিগত ৩১ ডিসেম্বর বিকালে বাড়ী যাওয়ার পথে হঠাৎ শাল্লা ব্রীজের উপর পড়ে যায়। পরবর্তীতে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। শারিরীক অবস্থার উন্নতি হলে ৬ জানুয়ারী সিলেট হতে নিজ বাড়িতে ফিরে আসেন। আবার ৮ জানুয়ারী শারিরীক সমস্যা দেখা দিলে রাতে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ জানুয়ারি) ভোর ৬ টায় মৃত্যুবরণ করেন।

 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব ও হাওড় বাঁচাও আন্দোলন কমিটি।

 

মৃত্যুকালীন সময়ে উনার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি এক ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

তিনি মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) অধীনে যুদ্ধ করেন।

 

সামাজিক সংগঠন শাল্লা উপজেলা হাওড় বাঁচাও আন্দোলন কমিটির দীর্ঘ ৫ বছর সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।

 

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার মরদেহ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসার পর সকাল ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জগদীশ চন্দ্র সরকারের একমাত্র ছেলে ঝলক চন্দ্র সরকারসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।

 

রাষ্ট্রীয় মর্যাদা শেষে গ্রামের মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১১