ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। 

বেলা ১১ টার দিকে দক্ষিণ সুমরার বাইপাস সড়কের গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দু’জনের মধ্যে একজন সিএনজি অটোরিকশা চালক ও অপরজন অটোকারিশার যাত্রী।


নিহত অটোরিকশা চালকের নাম তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের চান মিয়ার ছেলে। আর নিহত যাত্রীর নাম আব্দুল লতিফ (৪২)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।  

তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাওয়ার পথে গাড়িটি গালিমপুর রাস্তার মুখে অটোরিকশাটি থেকে যাত্রী নামানো হচ্ছিল। এ সময় হুমায়ুন রশীদ চত্বরের দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে অটোরিকশার চালক তাহের মিয়া ও পরে যাত্রী আবদুল লতিফের মৃত্যু হয়। অপর দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে পুলিশ ছেড়ে দিলে অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়ার পর অটোরিকশা শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম