সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিসার্চ এন্ড কোকারিকুলাম অ্যাক্টিভিটিস অফ সিএসই স্টুডন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা বিশ্বের সুনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছেন। তাদের প্রাপ্তি বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রেরণাদায়ক। ধারাবাহিক সফলতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটি অগ্রগণ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের চেষ্টা অব্যাহত রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


সিএসই বিভাগের ৫৭তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা খান ঋতুর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ, সমাপনী বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হাসান।

সেমিনারে বক্তারা সিএসই বিভাগের ছাত্রদের গবেষণা এবং পাঠ্য সংশ্লিষ্ট ও বহির্ভূত কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার উপর জোর প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, সিএসই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে