ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা ওয়েব সিরিজে যুক্ত হচ্ছেন— খবরটি এরইমধ্যে সবাই পেয়েছেন। ‘হো্টেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এবার এই সিরিজে নিজের লুক সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন পূর্ণিমা।

 


শুক্রবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করছেন পূর্ণিমা। সেখানে পুলিশের ইউনিফর্মে দেখা গেছে তাকে। কালো চশমায় দুচোখ ঢেকে অস্ত্র তাক করে আছেন সামনের দিকে। মনে হচ্ছে কোনো অপারেশনের স্থিরচিত্র এটি। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, এন্টারটেইনমেন্ট লোডিং, ‘হোটেল রিলাক্স’।

 

ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, সিরিজটিতে পুলিশ হয়ে হাজির হবেন পূর্ণিমা। তিনি বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি। সবকিছু দেখে শুনেই এতে যুক্ত হয়েছি। অমি যে গল্পটি বলতে চাইছেন আমার মনে হয়েছে এটি অন্য আট দশটি গল্পের চেয়ে একটু আলাদা। আমার চরিত্রটিও ভিন্ন। সব মিলিয়ে আশা করছি ওয়েব সিরিজে আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’

 

হোটেল রিলাক্স নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

 

এরইমধ্যে শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণের কাজ। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে। পূর্ণিমার এটাই প্রথম ওয়েব সিরিজ। তাই তার মন্তব্য ধরেই বলা যায় প্রথম ওয়ব সিরিজে সবকিছু দেখে শুনেই পুলিশ হয়েছেন পূর্ণিমা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১