বিলাসবহুল গাড়ি দূরে পার্ক করে হেটে এসে ফুটপাতে ভিক্ষা করতেন কোটিপতি এক নারী। এমন কাণ্ড ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। ওই নারী ভিক্ষুককে আটক করেছে দেশটির পুলিশ।
আবুধাবির পুলিশ জানায়, ২০২২ সালের ৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরে অভিযান চালিয়ে ১৫৯ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। এতে ওই নারীও ধরা পড়েন।
পুলিশ জানায়, ওই নারীর ভিক্ষা করা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে পুলিশকে জানিয়েছিল। পরে তাকে পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করেন। ভিক্ষা শুরুর আগে তিনি বিলাসবহুল গাড়িতে করে বাড়ি থেকে বের হতেন। এরপর কিছুটা দূরে গাড়ি রেখে ভিক্ষার জায়গায় যেতেন। এমনকি পরে খোঁজ নিয়ে দেখা যায় তিনি কোটি টাকার মালিক। তবে এর পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় ওই নারীর নগদ টাকা জব্দ করা হয়েছে ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, ভিক্ষা করা একটি সামাজিক অভিশাপ। যা যেকোনো সমাজের সভ্য ভাবমূর্তিকে ক্ষুন্ন করে।
পুলিশ বলছে, “ভিক্ষা করা সমাজে একটি অসভ্য কাজ ও সংযুক্ত আরব আমিরাতে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হয়। ভিক্ষুকদের প্রতারণার সম্ভাবনা রয়েছে। তারা মানুষকে ঠকায়।”
দেশটির আইন বিশেষজ্ঞরা জানান, সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষার শাস্তি তিন মাসের কারাদণ্ড ও ৫,০০০ রিয়াল জরিমানা। দুটি দণ্ডের মধ্যে একটি।
বিশেষ করে রমজান মাসে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে একটি বিশেষ দল নিয়োগ করা হয় দেশটিতে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৭
সূত্র : ঢাকা ট্রিবিউন




