দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে, শীতকালে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতির সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করার দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেটর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা বক্তারা বলেন, আর কত বুঝা আসবে সাধারণ মানুষের উপর। বাজার থেকে শুরু করে জীবন রক্ষকারী ঔষধ ও শিক্ষা উপকরণের দামে জনগণ আজ চিড়ে চাপ্টা হয়ে যাচ্ছেন। আয়-ব্যয় কমানোর মত আর কোন খাত নেই। গ্যাস আর বিদ্যুৎ দু’টিই সরাসরি মানুষের সংসারের সাথে সম্পৃক্ত। জ্বালানি কমিশনের ক্ষমতা কেড়ে নিয়ে দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়ায় সাধারণ জনগণের মধ্যে এক মহাআতংক বিরাজ করছে। গ্যাসে এখন সরকারের কোন ভর্তুকি নেই, জ্বালানী তেলে সরকার লাভে আছে, বাজেটে রাখা ভর্তুকি বিদ্যুতে দিয়ে মানুষকে সস্তি দেয়া যেতো। তা না করে দু’ দফায় মূল্য বৃদ্ধির ফলে যাদের এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে সেটা আগামী মাসে এক হাজার দুইশত টাকা আসবে।
তারা বলেন, অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে হরিলুট, চুরির ক্ষতি দেখানো হচ্ছে সিস্টেম লস হিসেবে। নেই কাঙ্খিত সেবা, আছে গ্রাহক হয়রানী। বিদ্যুৎ বিলের সময় এক-এক বাড়ির মিটার রিডিং দেয়ার সুযোগ থাকলেও তা নেয়া হচ্ছে না। ভোক্তাদের বিল বাড়িয়ে গোজামিল করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন পরিষ্কার তথ্য নেই।
সভায় আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার দেশব্যাপি প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই দিন কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে বিকাল ৪টার সময় সিলেট নগরীর সিটি পয়েন্টের কামরান চত্বরে এক গণজমায়েতের কর্মসূচি নেয়া হয়েছে।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য রাজনীতিবিদ মহিউদ্দিন, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মামুনুর রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মোতওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শীতাব, ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাংবাদিক শহিদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না প্রমুখ।
সভায় পরিষদের সদস্য, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল আহমদের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




