বাংলাদেশ চলচ্চিত্রের অমর নয়ক সালমান শাহর মৃত্যু রহস্যের ওপর আলোকপাত করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। এই সিরিজটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন সালমান শাহ’র মা নিলুফার চৌধুরী।
 

লিগ্যাল নোটিশের পর এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম।
 


বুধবার (৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগরে কোতোয়ালি মডেল থানায় তিনি এ জিডি করেন।
 

জিডিতে সালমান শাহের মামা আলমগীর উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় তার ভাগনে সালমান শাহর মরদেহ তার নিজের বাসভবনে পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা চলমান। তাই মামলা চলাকালীন এ ধরনের ওয়েব সিরিজ তৈরি হলে সালমান শাহ হত্যার তদন্ত ও বিচার প্রভাবিত করবে।
 

জিডির বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউকে বলেন, সালমান শাহের মামা আলমগীর কুমকুম এই সিরিজটি বন্ধের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যেহেতু সালমান শাহর মৃত্যুর মাললাটি এখনো চলমান তাই এই ওয়েব সিরিজ বিচার কর্যক্রাম প্রভাবিত করবে একই সাথে এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয় এবিষয়টি জিডিতে উল্লেখ করেন তিনি।
 

সালমান শাহর মামার জিডিটি আইনি প্রক্রিয়ায় এগুবে বলে জানান আলী মাহমুদ।
 

নির্মাতা তানিম রহমান অংশু ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর জন্য ওয়েব সিরিজটি তৈরি করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-১৯