(প্রতীকী ছবি)

হবিগঞ্জের নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউ আখড়ায় হিন্দু নারী সেজে চুরি করতে যান চার মুসলমান যুবতী। এর মধ্যে দু’জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গত শনিবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।


আটক দু’জন হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমান শিপনের স্ত্রী ছমিরুন বেগম (২৪) ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেখা বেগম (৩০)। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে থানাপুলিশ।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউ আখড়ায় সৎসঙ্গের আয়োজনে অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব চলছিল। সবাই যখন উৎসবের আমেজে মগ্ন তখন হিন্দু নারী সেজে শাখা-সিঁদুর পরে মহিলার স্বর্ণের চেইন চুরি করতে সেখানে আসেন ছমিরুন আক্তার ও রেখা বেগমসহ ৪ নারী। দুপুরে প্রসাদও খায় তারা।


একপর্যায়ে তারা এক মহিলার গলা থেকে ১ ভরি স্বর্ণের চেইন ছিড়ে অপর সহযোগীর কাছে দিয়ে দেয়। এ সময় উৎসব কমিটির সদস্য রিংকু রায় ও অন্যরা ২ জনকে হাতেনাতে আটক করে। এতে বাকী ২ জন পালিয়ে যায়। তাৎক্ষণিক নবীগঞ্জ থানা পুলিশকে বিষযটি অবগত করলে এসআই বিজয় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখা-সিঁদুর পরে চুরি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা। এ সময় আটককৃতদের ব্যাগ থেকে নেশাজাতীয় পাউডার ও রুমাল পাওয়া যায়। এ ব্যাপারে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী অসিত পাল বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।


উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল উৎসবে ২টি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান।


নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান, চেইন ছিনতাইয়ের অভিযোগ পেয়ে দুই নারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম