ছবি: সংগৃহিত।

আজ পবিত্র শবে মেরাজ। ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) হিসেবে নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

আমাদের অনেকের মধ্যে জিজ্ঞাসা আছে যে, পবিত্র শবে মেরাজে কী বিশেষ কোনো আমল আছে? বিশেষ কোনো আমল করতে হয়?


এ বিষয়ে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ উত্তর দিয়েছেন।

তাঁর মতে, রাসুল (সা.)-এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি ছিল এই শবে মেরাজ। কিন্তু এ রাতে উম্মতের জন্য নির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত করা হয়নি। যদি সুনির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত হতো, তাহলে অবশ্যই রাসুল (সা.)-এর সহিহ হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হতো।

কিন্তু আল্লাহর বান্দারা যদি মনে করে থাকেন যে, রজব মাসের ২৭ তারিখ রাত্রিতে তারা ব্যক্তিগত ইবাদত করবেন, তাহলে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। যেহেতু আমরা ভালো কাজগুলো যেকোনো সময় করতে পারি।

অর্থাৎ, শবে মেরাজে নির্ধারিত কোনো আমল নেই। তবে যে কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির করা, দুরুদ পাঠ করতে পারেন।

শবে মেরাজের মাধ্যমে যেহেতু মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, সেহেতু প্রত্যেকের উচিত নিয়মিত সহিভাবে, সঠিক সময়ে নামাজ আদায় করা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে