হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের হামলায় ভাই এবং ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
 


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর (বড়হাটী) গ্রামে এই ঘটনা ঘটে।
 

আহতরা হলেন- ঘরদাইর বড়হাটী গ্রামের মৃত নুর আলীর মেজো পুত্র হবিবুর রহমান (৫০) এবং তার স্ত্রী আয়ফুন বিবি।
 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর বড়হাটী গ্রামের মৃত নুর আলী মিয়ার মৃত্যুর পর উনার রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিগত বছর খানেক যাবত নুর আলীর পুত্রদের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক বসে। সালিশে বিষয়টি মিমাংসা না হওয়ায় বিষয়টি নিয়ে গত ছয় মাসে তাদের মধ্যে কয়েক দফা দ্বন্দ্ব বাঁধে। এমনকি বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।
 

এরই জের ধরে শুক্রবার বিকালে মৃত নুর আলীর ২য় পুত্র হাবিবুর রহমানের সাথে ছোট পুত্র সালাউদ্দিন (৩০) এর বাক বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে ছোট পুত্র সালাউদ্দিনের পক্ষ নিয়ে নুর আলীর বড় পুত্র মখলুছ মিয়া (৫৫) ও ৩য় পুত্র বাচ্চু মিয়া (৪৫) এবং বাচ্চু মিয়ার পুত্র জাহাঙ্গীর (২৫) একত্রে হাবিবুর রহমানের উপর হামলা চালায়। এতে হাবিবুর রহমান ও তার স্ত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেও উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষযে হাবিবুর একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০৩