বুধবার (২২ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণার আগে যাচাই-বাছাই করে ভোটার (কাউন্সিলর) তালিকা প্রকাশের নিয়ম থাকলেও সেটি ছাড়াই তফসিল ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন ও মহানগর বিএনপির আহ্বায়কের বিপরীতমুখি বক্তব্য পাওয়া গেছে।
বুধবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে এ তফসিল ঘোষণা করেন অ্যাড. ফয়েজ। তিনি প্রধান নির্বাচন কমিশনার। তাঁর কমিশনের সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মো. বদরুল আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সাবু।
তফসিল ঘোষণার সময় তাঁরাও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী- সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ, ২৫ ফেব্রুয়ারি মনোনয়পত্র দাখিল ও বাছাই, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৭ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ।
এদিকে, বিএনপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে যাচাই-বাছাই করে যাচাই-বাছাই করে ভোটার (কাউন্সিলর) তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি। ভোটার তালিকা হাতে না পেয়েই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এটিএম ফয়েজ উদ্দিন বুধবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- নিয়ম তো ছিলো এরই মধ্যে আমাদের হাতে ভোটার তালিকা তুলে দেওয়ার। কিন্তু তালিকাই নাকি এখনও তৈরি করা হয়নি। তবে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন- ২৪ ফেব্রুয়ারির মধ্যে তালিকা দিয়ে দেবেন।
তিনি বলেন- ৪ মার্চ কাউন্সিল হওয়ার কারণে সময় কম। তাই ভোটার তালিকা হাতে না পেলেও আজ (বুধবার) তফসিল ঘোষণা করতে হয়েছে।
তবে এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন বক্তব্য। তিনি সিলেটভিউ-কে বলেন, আমি এই মাত্র জানতে পারলাম যে- তফসিল ঘোষণা করা হয়েছে। নিয়ম হচ্ছে- নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে আমাদের কাছ থেকে তালিকা চেয়ে নেবে। কিন্তু আমার সঙ্গে এ বিষয়ে তাদের কোনো আলোচনা হয়নি। মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৮টির ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি রয়েছে এখনও ১৯টি। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




