সিলেটে একটি কলোনিতে এক নারী ভাড়াটেকে মহিলা মালিক ও অন্য কয়েকজন ভাড়াটে মিলে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহানগরের চারাদিঘীরপারস্থ মাহমুদ মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সির দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। শনিবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত মাহমুদ মিয়ার কলোনিতে একটি চা দোকানের কর্মচারী আমিন মিয়া নামের একজন ভাড়াটে থাকেন। আমিন মিয়ার স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় কলোনির শরিফ নামের এক ভাড়াটের রান্নার জায়গা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে কলোনির মালিক মৃত মাহমুদ মিয়ার স্ত্রী এবং তার দুই মেয়ে ভাড়াটে শরিফের পক্ষ ধরে আমেনা খাতুনের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়।
আমেনা খাতুনের অভিযোগ- শরিফের পক্ষ ধরে তার সঙ্গে মিলে মাহমুদ মিয়ার স্ত্রী ও তার দুই মেয়ে আমেনাকে বেধড়ক মারধর করেছেন। তিনি ও তার শিশুসন্তান বেশ আহত বলে অভিযোগ করেন।
এদিকে, স্থানীয়দের কাছে থেকে পাওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে দুপক্ষকে নিয়ে পুলিশ স্থানীয় (১৬ নং) ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের কার্যালয়ে গেলে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার এস.আই নুরুল ইসলাম সিলেটভিউ-কে বলেন- প্রাথমিকভাবে বিষয়টি বিচার-শালিসে শেষ হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম / নুরুল / ডালিম




