কাউন্সিলের মাধ্যমে শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্বাচনের পর এক বছরের মাথায় সিলেট জেলা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ হলেও কাউন্সিলের দেড় বছর পেরিয়েছে, তবু পূর্ণাঙ্গ হয়নি মহানগরের কমিটি। ফলে দলের কার্যক্রমে জেলার নেতাকর্মীদের মাঝে যতটা সক্রিয়তা বা গতি দেখা যাচ্ছে, মহানগরের নেতাকর্মীদের মধ্যে ততটা দেখা যাচ্ছে না।
তবে শীঘ্রই সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ ঘোষণা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র বলছে- কাউন্সিলের কিছুদিন পরই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রের কাছে প্রেরণ করেন শীর্ষ ৩ নেতা। কিন্তু প্রতিকূল পরিস্থিতিসহ বিভিন্ন কারণে কম সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। এবার খুব শীঘ্রই আসছে পূর্ণাঙ্গ কমিটি, এতে স্থান পাবেন দলের কঠিন সময়ে নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীরা।
২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। সভাপতি পদে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ১ হাজার ৬৬টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মহানগর বিএনপির সাবেক (কাউন্সিলের আগের) আহ্বায়ক কমিটির সদস্যসচিব (বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি) মিফতাহ সিদ্দিকী পান ৭৬৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ চৌধুরী শামীম পান ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ সাফেক মাহবুব ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পান ৬২৩ ভোট।
এর আগে ২০১৬ সালের ৭ জানুয়ারি সিলেট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর পর ২০২৩ সালের মার্চ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট বিএনপির এই গুরুত্বপূর্ণ ইউনিট।
মহানগর বিএনপির বলছে- এই কাউন্সিলের আগে আহ্বায়ক কমিটি সিলেট সিটি করপোরেশনের পুরাতন ২৭ টি ওয়ার্ডে কমিটি গঠন করেন। পরে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মহানগরের বর্ধিত ১৫টি ওয়ার্ডের মধ্যে ৯টির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। বাকি ৬টিতে খুব শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বর্তমানে সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন গত ১ আগস্ট কানাডা চলে যাওয়ায় মিফতাহ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। ওই দিন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের এক মাস পর আগে নাসিম হোসাইন দেশে ফিরলেও নাসিমকে দায়িত্ব আর ফিরিয়ে দেওয়া হয়নি, মিফতাহ সিদ্দিকীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয় কেন্দ্র থেকে।
মহানরগ বিএনপির সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী সিলেটভিউ-কে বলেন- ২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিলের মাধ্যমে শীর্ষ ৩ পদে আমাদের নির্বাচনের পর আমরা কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে প্রেরণ করি। কিন্তু ওই সময় ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের তুমুল আন্দোলনে দেশজুড়ে ঝাঁপিয়ে পড়ে বিএনপি। এসময় হামলা-মামলায় জর্জরিত ছিলো কেন্দ্র থেকে তৃণমূল। আর এরপর শুরু হয় হাসিনাবিরোধী ছাত্র-জনতার আন্দোলন। এতেও সারা দেশে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেন বিএনপির নেতাকর্মীরা। এসব কারণে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই এ কমিটির ঘোষণা আসছে। এতে ঠাঁই পাবেন গত ১৫ বছর ধরে দলের জন্য জান বাজি রেখে কাজ করা ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। নেতৃত্বে থাকবে অনেক তারুণ্যদীপ্ত নতুন মুখও।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




