ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সিলেটে আঞ্চলিক নির্বাচন অফিস নানাবিধ প্রস্তুতি নিতে শুরু করেছে। কমিশনের নির্দেশনা অনুসারে কাজও করে যাচ্ছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোকে লাল (অতি ঝুঁকিপূর্ণ), হলুদ (ঝুঁঁকিপূর্ণ) ও সবুজে (সাধারণ) ভাগ করেছে পুলিশ সদর দপ্তর- এমনটি জানিয়েছে পুলিশ সূত্র।


ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণের পরিকল্পনা রয়েছে। যে কোনো ধরনের গোলযোগ এড়াতে এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বেশি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।



২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সিলেট মহানগরীর ৬টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুট করে নেয় অস্ত্র ও গুলি। লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়ায় ভোটের মাঠে অস্ত্রের ব্যবহার নিয়ে সিলেটে ভোটারদের মধ্যে বেড়েছে নানা শঙ্কা। এসব অস্ত্র ভোটের আগে উদ্ধার না হলে তা ভোটকেন্দ্রের নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন ভোটাররা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া। এ বছর সিলেটে বেড়েছে সবচেয়ে বেশী ভোটার।


সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন থানা এলাকায় মোট ভোটকেন্দ্র ২৯৪টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র্র (লাল) ৯৫টি, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র্র (হলুদ) ১৩৪টি এবং সাধারণ ভোটকেন্দ্র (সবুজ) ৬৫টি।

এছাড়া সিলেট রেঞ্জের ৪ জেলায় মোট ভোটকেন্দ্র ২৬৪১টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ (লাল) ভোটকেন্দ্র ৩৬২টি, ঝুঁকিপূর্ণ (হলুদ) ভোটকেন্দ্র ৮৯৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র ১৩৮১টি।


কেন্দ্রের ভোটার সংখ্যা, থানা থেকে দূরত্ব, রাজনৈতিক দলের আধিপত্য, সীমান্ত এলাকা, দুর্গম এলাকা এবং ও চরাঞ্চলের বিষয়টি মাথায় রেখে তিন ক্যাটাগরির ভোটকেন্দ্র নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া যেসব এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক সহিংসতা বেশি হচ্ছে, সেসব এলাকার কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগরীর থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ১০১টি আগ্নেয়াস্ত্র ও ৫৭৪০ রাউন্ড গুলি লুট হয়। লুন্ঠিত ৫ হাজার ৭৪০ রাউন্ড গুলির মধ্যে ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে- এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান রয়েছে।


এছাড়া গত নভেম্বর মাসে র‌্যাব ও বিজিবির অভিযানে ৮টি এয়ারগানসহ ১৩টি অস্ত্র, ২৫০ গ্রাম বিস্ফোরক, দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়। অপরদিকে গত নভেম্বর মাসে শুধু র‌্যাবের অভিযানেই সিলেট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি শর্টগান, ৮টি এয়ারগান, ১টি সাউন্ড গ্রেনেড, ২টি পিস্তলের আদলে তৈরী দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি ও ১ হাজার ১২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া নভেম্বর মাসে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১টি বিদেশী রিভলবার, শক্তিশালী বিস্ফোরক ও ২টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্র আরও জানায়, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডিঅর্ন ক্যামেরা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া যায়। কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে দায়িত্বরত পুলিশ সদস্য বডিঅর্ন ক্যামেরায় তার ভিডিও ধারণ করবেন। এই ভিডিও ফুটেজ ডিজিটাল অ্যাভিডেন্স হিসেবে সংরক্ষণ করা হবে। যাতে পরে যে কোনো তদন্তে ব্যবহার করা যায়। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় সর্বনিম্ন তিনজন পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এই ১৩ জনের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রসহ আর বাকি ১০ জন থাকবেন অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন থাকবেন পুরুষ আর ৪ জন থাকবেন নারী। এর বাইরে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাসহ বিভিন্ন বাহিনী ভোটকেন্দ্রের বাইরে নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।


নির্বাচন অফিস সূত্র জানায়, সিলেট মহানগরীসহ ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।


সুনামগঞ্জ জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন। মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন।

হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।


সিলেটভিউ২৪ডটকম/পিটি/ইকে/এসডি-২৭