বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের শুরুটা হলো রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটের ব্যবধানে সিলেট টাইটান্সকে হারিয়ে আসর শুরু করে দারুণ জয় দিয়ে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯০ রান। দলের পক্ষে পারভেজ ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৩৩ বলে করেন ৬৫ রান। এছাড়া রনি ৩৪ বলে ৪১, আফিফ ১৯ বলে ৩৩ এবং সায়েম ১৫ বলে ২৮ রান যোগ করেন।
১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে। দলটির জয়ের নায়ক ছিলেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে মুশফিকুর রহিম ৩১ বলে ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া শাহিবজাদা ১৯ বলে ২০ এবং তানজিদ ৮ বলে ১০ রান করে আউট হন। রাজশাহী ১৯.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের বিপিএল শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ককে ঘিরে। উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা জাতীয় সংগীত পরিবেশন করেন, পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই আসে বেশ কিছু নেতিবাচক খবর। চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি মালিকানা ছাড়ার ঘোষণা দেন মালিক পক্ষ। নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন প্রথমে দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে পুরো আসরে কোচিং করানোর কথা জানান।
২৪ ডিসেম্বর ঢাকায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কায় তা বাতিল করা হয়। পরে সিলেটেই সীমিত পরিসরে উদ্বোধনের আয়োজন করা হয়, যেখানে আকাশে ওড়ানো হয় প্রায় ২৫ হাজার লাল-সবুজ বেলুন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো—বিপিএল শুরু হলেও এখনো টুর্নামেন্টের ট্রফি দেশে এসে পৌঁছায়নি। ট্রফি না থাকায় অধিনায়কদের ফটোসেশনও করা সম্ভব হয়নি। ট্রফি ছাড়াই মাঠে গড়িয়েছে এবারের বিপিএল।
রুদ্ধশ্বাস ম্যাচের উত্তেজনা, আবেগঘন শ্রদ্ধা আর আয়োজনের সীমাবদ্ধতা—এই তিনের মিশ্রণেই শুরু হলো বিপিএলের নতুন মৌসুম।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ এসডি-২২




