প্রতীক বরাদ্দের আগেই সিলেটের সবকটি আসনে জমে ওঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কৌশল আর আশ্বাসে চেষ্টা করছেন ভোটারদের বিশ্বাস কাড়তে। তবে পরিবর্তিত পরিস্থিতির আগামী নির্বাচনে সিলেটে জয়-পরাজয়ের নিয়ামক হয়ে ওঠেছেন প্রায় দেড় লাখ তরুণ ভোটার। 

জীবনের ‘প্রথম ভোট’ দিতে যাওয়া এই ভোটাররাই প্রার্থীদের কাছে হয়ে ওঠেছেন গুরুত্বপূর্ণ। যারা দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা, প্রতিশ্রুতি ও ইমেজ নিয়ে ভাবছে। প্রার্থীরাও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের ৬টি সংসদীয় আসনে গত দেড় বছরে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে ৭০ হাজার ৭২ জন পুরুষ, ৫৯ হাজার ৯৬১ জন নারী ও ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রথমবারের মতো এরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। 

এবার জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি নতুন ভোটার রয়েছেন সিলেট-৩ আসনে। এ আসনে প্রথমবারের মতো ভোট দিবেন ৪৩ হাজার ৩৬২ জন ভোটার। আর সবচেয়ে কম ভোটার বেড়েছে সিলেট-৫ আসনে। এ আসনে ভোটার বেড়েছে মাত্র সাত হাজার ৬৫৭ জন। 

সূত্র জানায়, সিলেট-১ আসনে এবার নতুন ভোটার বেড়েছে ৪০ হাজার ১৫০ জন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪৯ হাজার ৫১৯ জন ও নারী ৩ লাখ ২৪ হাজার ৬৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৩ জন। 

সিলেট-২ আসনে ২০ হাজার ৭ জন বেড়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন ও নারী ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। 

সিলেট-৩ আসনে ৪৩ হাজার ৩৬২ জন বেড়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৩৪ জন ও নারী ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। 

সিলেট-৪ আসনে ৫ লাখ ২ হাজার ৬৫২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৬১ হাজার ৬২ জন পুরুষ ও ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন নারী। আর তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এবার নতুন ভোটার হয়েছেন ২৭ হাজার ৫৩১ জন। 

সিলেট-৫ আসনে এবার নতুন ৭ হাজার ৬৫৭ জন ভোটার বেড়েছে। সবমিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ছিল ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে দুই লাখ ১১ হাজার ৬৬৭ জন পুরুষ ও ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন নারী।

সিলেট-৬ আসনে ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন পুরুষ ও ২ লাখ ৪১ হাজার ২৪১ জন নারী মিলে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। আসনটিতে এবার নতুন ভোটার হয়েছেন ১৬ হাজার ৭শ’ জন। 

কয়েকজন নতুন ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, ভোট দেওয়ার আগে তারা প্রার্থীদের পর্যবেক্ষণ করছেন। প্রার্থীর যোগ্যতা, আচরণ, ইমেজ এবং যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তা বাস্তবায়নের সক্ষমতা বিচার করছেন তারা। গণঅভ্যূত্থান পরবর্তী এ নির্বাচনে তারা দলীয় প্রতীকে গা না ভাসিয়ে অধিকতর যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে আগ্রহী। 

সিলেট নগরীর লামাবাজারের বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুর রহমান বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। কিন্তু আমি পরিবারের রাজনৈতিক আদর্শে অন্ধ না হয়ে নিজের বিবেক খাটিয়ে প্রথম ভোট দিতে চাই। যে প্রার্থী নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবেন সেরকম প্রার্থীকেই আমি ভোট দেব।’

জেল রোডের বাসিন্দা আরেক শিক্ষার্থী সাবাহ আল করিম বলেন, ‘তরুণদের জন্য প্রয়োজন মাদকমুক্ত সমাজ। যে প্রার্থী সিলেটকে মাদকমুক্ত করতে শক্ত ভূমিকা রাখতে পারবেন মনে হবে, তাকেই ভোট দেব।’

আর উত্তর কাজিটুলার বাসিন্দা ফারিহা তাবাস্সুমের চাওয়া হচ্ছে নারীদের জন্য নিরাপদ নগরী। দল বা প্রতীকের চেয়ে প্রার্থীর ক্লিন ইমেজ এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ বিবেচনায় তিনি দিতে চান তার প্রথম ভোট। 

প্রসঙ্গত, সিলেটের ৬টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন ও নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৫ জন।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ