খলিলুর রহমান স্টালিন, অস্ট্রেলিয়া :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট উৎসবে অংশ নিতেই প্রবাসীরা নারীর টানে বাড়ি যাচ্ছেন। আর তাদের কাছে পেয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনরা উচ্ছ্বসিত। এছাড়াও কেউ কেউ ওই নির্বাচনে স্বাক্ষি হওয়ার জন্য প্রবাস থেকে নিজ নিজ এলাকায় ছুটে গেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাওয়া প্রবাসীদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব সিলেটভিউকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। বিগত প্রায় ১৫ বছর ধরে দেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তাই এই নির্বাচন দেশের মানুষের পাশাপাশি প্রবাসী এবং আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিশ্চিত করবে আগামীর সমৃদ্ধির বাংলাদেশের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ হিসেবে দেখার পাশাপাশি উক্ত নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসন্ন নির্বাচন হবে একটি উৎসবমুখর পরিবেশে। আর এই মহিমান্বিত ও গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতেই আমার দেশে যাওয়া।
শুধু শিহাবই নয়, তার মতো আরো অনেকেই ভোট উৎসবে অংশ নিতে দেশে গেছেন।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের বাসিন্দা জসিম উদ্দিন। তিনি সিলেটভিউকে বলেন, আমি দীর্ঘ দিন থেকে অস্ট্রেলিয়াতে বসবাস করি। এছাড়াও বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেন নাই। দীর্ঘ দিন পর বাংলাদেশে ভোটের পরিবেশ তৈরি হয়েছে। তাই ওই ভোট উৎসবে অংশ নিতে দেশে গিয়েছি।
কুমিল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদ মুনতাসির সিলেটভিউকে বলেন, দীর্ঘ আওয়ামী ১৭ বছরের দু:শাসন ও তিনটি ভূয়া ও ডামি নির্বাচনের পর এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এটাই আমার প্রথম ভোট। যদিও এবার সরকার প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে। তারপরও আমি সেই নির্বাচনের আমেজ টা নিতে দেশে গেছি। আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়, যা নির্বাচনী কুমিল্লা-৫ আসন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর এসব প্রচারণায় প্রবাসীরা অংশ নিতে দেখা যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/কেআরএস




