আল্লাহর নৈকট্যলাভের চেষ্টা ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অস্ট্রেলিয়া পালিত হয়েছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত।এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।
এ রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ্ থেকে পানাহ্ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের মর্যাদা অতুলনীয়।
.gif)
এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি সেন্টার ও মসজিদে ইবাদত, জিকির-আসকার, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ আদায় করেছেন।
ফার্সি শব্দগুচ্ছ ‘শবে বরাত’ অর্থ ভাগ্যরজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে-বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।
রাসুলুল্লাহ (দ.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। (ইবনে মাজাহ)। নবী করিম (দ.) বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাত ইবাদত–বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা, এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, ‘কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব; কোনো রিজিক প্রার্থী আছ কি? আমি রিজিক দেব; আছ কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব।’ এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। (ইবনে মাজাহ: ১৩৮৪)।
এ মহান রাতে দাওয়াতে ইসলামী অস্ট্রেলিয়া সিডনি শাখার পক্ষ থেকে AUSTRALIA SYDNEY LAKEMBA DAWAT-E-ISLAMI FAIZAN-E-MADINA ISLAMIC CENTRE. লাকেম্বা এলাকার ফয়জান-ই-মদিনা ইসলামিক সেন্টার, বেক্সলি,
মিন্টু,রুটিহিল এবং অবার্ন ইয়ুথ সেন্টারে রাতভর ওয়াজ, কুরআন তেলাওয়াত-জিকির-আজকার নফল নামাজ এবাদত বন্দেগী, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- মাওলানা রেজা আত্বরী,
মাওলানা উমারি মীর রেজা মেমন আত্বরী, হাফিজ মাওলানা আজিজুর রহমান আত্বরী, মোহাম্মদ গিয়াস আত্বরী, মোহাম্মদ হাসিব আত্বরী, মোহাম্মদ শাকিল আত্বরী, হারিস আত্বরী, রেজা আত্বরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ আত্বরী। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি ও মৃত পরিজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-০১




