সিলেটভিউ

গণমিছিল, গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক- ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দলীয় এবং জোট প্রার্থীদের জয় নিশ্চিতে সিলেট চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। কখনো জকিগঞ্জ-কানাইঘাট, কখনো বিশ্বনাথ-ওসমানীনগর আবার কখনোবা নিজের আসনের প্রার্থীর জন্য বিরামহীন ছুটে চলেছেন এই বিএনপি নেতা।


আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতির পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করছেন সিলেট জেলায় বিএনপি জোটের সমন্বয়ক হিসাবে। আর তাই প্রতিনিয়ত কাজের মাঝেই আছেন তিনি। নির্বাচনী কাজের বাইরে দলীয় অন্যান্য দায়িত্ব সামলে নিয়ে তাকে ছুটতে হচ্ছে বিভিন্ন আসনে।


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি দলীয় প্রার্থী না দিলেও জোটপ্রার্থী হিসাবে তারা সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে। গত ২৭ জানুয়ারি তিনি এই প্রার্থীর সমর্থনে কানাইঘাটে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসব কর্মসূচির মধ্যে ছিল কর্মীসভা ও পথসভা এবং গণসংযোগ।


গত ৭ ফেব্রæয়ারি তিনি সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে জৈন্তাপুর উপজেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি জনগনের স্বতঃস্ফুর্ত সমর্থন দেখে অভিভুত হওয়ার পাশাপাশি সন্তোষও প্রকাশ করেছেন।


ওই দিনই তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষেও ব্যাপক প্রচারণা চালিয়েছেন।


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে রবিবার (৮ ফেব্রæয়ারি) তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক গণসংযোগ করেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

 

এসময় তিনি ইলিয়াস আলীকে মনে ধারণ করে লুনাকে বিজয়ী করার আহ্বান জানান।


এদিকে সিলেট-১ (নগর-সদর) ও নিজের আসন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে তিনি নিয়মিত প্রচারণা চালাচ্ছেন।

 

নিজের তৎপরতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, সিলেটে বিএনপি জোটের সমন্বয়ক হিসাবে তিনি সব প্রার্থীর পক্ষেই নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাবে নিজের আসন হিসাবে সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিকের পক্ষে একটু বেশিই কাজ করছেন।


আবার সিলেট-১ আসনের মর্যাদা সুরক্ষার ব্যাপারেও তিনি সচেতন। তাই এ আসনের দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের পক্ষেও নিয়মিত সভা-সমাবেশ উঠান বৈঠক এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে