সিলেট নগরীর সৌন্দর্য্যবর্ধনে ফুটপাতে ব্যয় করা হয়েছিল কোটি টাকা। বসানো হয়েছিল টাইলস। কিন্তু ড্রেনের উপর ফুটপাতে অপরিকল্পিতভাবে বসানো এই টাইলস নগরবাসীর ‘গলারকাটা’ হয়ে দাঁড়িয়েছে। ড্রেন পরিচ্ছন্ন করার ব্যবস্থা না রেখে টাইলস বসানোর কারণে এখন সেগুলো ভাঙতে হচ্ছে।
এতে সৌন্দর্য্যহানীর পাশাপাশি ফুটপাত অনিরাপদ হয়ে ওঠেছে। তবে নগরভবন কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে যাতে ড্রেন পরিচ্ছন্ন করতে টাইলস না ভাঙতে হয় সেই ব্যবস্থা রেখেই ফুটপাত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, নগরীর সৌন্দর্য্যবৃদ্ধির জন্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আমলে প্রায় ৭ কিলোমিটার ফুটপাতে টাইলস বসানো হয়েছিল। এতে ব্যয় করা হয় দেড় কোটি টাকার উপরে। সিলেট নগরীর বেশিরভাগ ফুটপাতই ড্রেনের উপর নির্মিত হওয়ায় বর্ষায় দেখা দেয় বিপত্তি। ড্রেন পরিস্কার করতে গিয়ে ভাঙতে হয় টাইলস। স্থানে স্থানে টাইলস ভেঙে পরিস্কার করতে হয় ড্রেন। এতে শ্রীহীন হয়ে পড়ে ফুটপাত।
ভাঙাচোরা ফুটপাত হয়ে ওঠে অনিরাপদ। ফলে হাঁটতে গিয়ে ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ফুটপাতে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সৌন্দর্য্যবর্ধনে সিসিকের এই প্রকল্পকে এখন অপরিকল্পিত বলে মনে করছেন নগরবাসী।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ফুটপাতে টাইলস বসানো হয়েছিল। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন স্থানে এসব টাইলস ভাঙতে হয়েছে। নতুন করে আবারও টাইলস পুনঃস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এবার এমনভাবে টাইলস লাগানো হবে, যাতে ড্রেন পরিস্কারের সময় আর ভাঙতে না হয়।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ




