বগুড়ার কাহালু উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

 

 


শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 


নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তাঁরা একে অপরের বন্ধু ছিলেন।

 

 


জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নওগাঁ থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন।

 

 

বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়। 

 

 

এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
সালাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের ওপরে।

 

 


মোটরাসাইকেলটির সাইলেন্সার পাইপ মডিফাই করায় বিকট শব্দ হচ্ছিল। বৃষ্টির মধ্যে এঁকেবেঁকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

 

 


বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 


কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

 

 


পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 


কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক