মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও সাবেক এক প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩৪) এবং একই গ্রামের মাহিমের ৪ বছর বয়সী কন্যাসন্তান আফরিন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ইজিবাইকচালক আরিফুল ইসলাম উত্তর শালিকা গ্রাম থেকে তিন যাত্রী নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
নিহত আরিফুল ইসলামের এক বন্ধু অত্যন্ত আবেগাপ্লুত হয়ে জানান, দীর্ঘ ১১ বছর প্রবাস জীবন কাটিয়ে মাত্র আট মাস আগে দেশে ফিরেছিলেন আরিফুল। দেশে এসে নতুন করে জীবিকা নির্বাহের জন্য তিনি এই ইজিবাইকটি চালানো শুরু করেছিলেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার সেই স্বপ্ন ও পরিবারটিকে ধূলিসাৎ করে দিল।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, ইজিবাইকচালক আরিফুল ইসলামকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশু আফরিনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহত চালকের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭




