ছবি: সিলেট ভিউ।

সিলেটবাসী ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার (৩ জুন) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয় পরিদর্শন এবং দলটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব আশ্বাস প্রদান করেন।

 

মন্ত্রীকে স্বাগত জানাতে এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরুসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ। তাঁরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কার্গো সেবার জটিলতা এবং পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় বক্তব্য দিতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে সরকার ইতোমধ্যে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছে। তিনি বলেন, ‘সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী এবং আন্তর্জাতিক যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে বিমানবন্দরের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

 

মন্ত্রী আরও জানান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই রুট চালু হলে উত্তর ইংল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি, বিশেষ করে সিলেটি বংশোদ্ভূত প্রবাসীরা সরাসরি দেশের সঙ্গে যোগাযোগের সুবিধা পাবেন এবং সময় ও ব্যয়ের সাশ্রয় হবে।

 

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান অভিযোগ উচ্চ বিমান ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক রুটে টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক ও সহনীয় ভাড়া নির্ধারণের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের এই ভোগান্তি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

 

এছাড়া দীর্ঘদিন ধরে প্রবাসীদের অসন্তোষের কারণ হয়ে থাকা কার্গো ব্যবস্থাপনার নানা জটিলতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে পণ্য পরিবহনে বিলম্ব, অতিরিক্ত ব্যয় এবং প্রশাসনিক জটিলতার বিষয়গুলো তুলে ধরেন প্রবাসী নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কার্গো সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও দ্রুতগতির করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। প্রবাসীদের সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’

 

মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তাঁরা বিশেষভাবে ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট বৃদ্ধি, বিমান ভাড়া কমানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং কার্গো ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান।

 

বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করা হলে প্রবাসী সমাজ আরও উৎসাহের সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন।

 

আলোচনা শেষে উভয় পক্ষ দেশ ও জনগণের কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রবাসীদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে সরকারের ইতিবাচক অবস্থান নতুন আশার সঞ্চার করেছে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া