ছবিঃ ফাইল ছবি।
শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। শুক্রবার (২০ নভেম্বর) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি ‘অ্যাসোসিয়েট কান্ট্রি জোন’ ও ২১৬টি স্টল থাকবে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও স্টল নিয়ে হাজির হবেন।
মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন। অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য থাকবে বিভিন্ন স্টল। মেলায় একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোনও থাকবে।
মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় করতে নতুন লে-আউট পরিকল্পনা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে ফুড জোন, শিশুদের জন্য দুটি প্লে জোন, বসার জন্য ক্যানোপি, সবুজায়ন, দৃষ্টিনন্দন প্রবেশপথ ও একটি মসজিদ।
নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, পৃথক ও উন্নত টয়লেট সুবিধা এবং প্রাথমিক চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্প থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।
এছাড়া, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল ও অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ গাড়ি মেলা চলাকালে প্রস্তুত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯




