সরকারের নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে আশ্রয় নেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। তবে বিদেশে অবস্থান করেও সিলেটের যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সংগঠনকে পুনর্গঠিত করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ও দাবি উঠেছে।
 

সম্প্রতি সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকার। গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে আকস্মিক জনসভা করে তিনি আবার ভারতে ফিরে গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে রঞ্জিত সরকার দাবি করেছেন, তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। ফলে তাঁর প্রকৃত অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
 


সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের অভ্যন্তরীণ রাজনীতিতে জাহাঙ্গীর আলমকে রঞ্জিত সরকারের ঘনিষ্ঠ এবং তাঁর অন্যতম আস্থাভাজন হিসেবে বিবেচনা করা হয়। এমনকি স্থানীয় রাজনৈতিক মহলে তাঁকে রঞ্জিত সরকারের দ্বিতীয় সারির সাংগঠনিক সমন্বয়ক বা নির্দেশনা বাস্তবায়নকারী হিসেবেও আলোচনা করা হয়ে থাকে। জাহাঙ্গীর আলম সিলেট সিটি করপোরেশনের সাবেক  একজন ওয়ার্ড কাউন্সিলরও।

বিশ্বস্ত সূত্রের দাবি, কানাডায় অবস্থান করেও জাহাঙ্গীর আলম সিলেটের যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। আগামী ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিয়েও আলোচনা করছেন তিনি।

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ডিসেম্বরে তিনিসহ দলের অন্যান্য নেতাকর্মী দেশে ফিরবেন। তাঁর বক্তব্যে দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসের সুর পাওয়া গেছে।
 

রঞ্জিত সরকারের সাম্প্রতিক রাতারগুলের জনসভা প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের বক্তব্যও কৌতূহল তৈরি করেছে। তিনি বলেন, রঞ্জিত সরকার বাংলাদেশের ভিত কাঁপিয়ে দিয়েছেন। তাঁর মতো আরও অসংখ্য রঞ্জিত সরকার ও জাহাঙ্গীর আলম দেশে ফিরলে পরিস্থিতি কী হতে পারে, তা সহজেই অনুমেয়।

তবে বিদেশে অবস্থানরত নেতাদের এমন বক্তব্য এবং দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে।

তবে এ বিষয়ে জাহাঙ্গীর আলম হোয়াটসঅ্যাপে বলেন, "আমরা জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। সিলেটের মানুষ দেখেছে আমরা বারবার রাজপথ কাঁপিয়েছি, নির্যাতিত হয়েছি। আমরা যা বলি তাই করি। নেত্রিক নিয়ে অবশ্যই আমরা ডিসেম্বরে বাংলাদেশের ফিরব। দেশকে জঙ্গিবাদ মুক্ত করবো, ইনশাল্লাহ।"

 


সিলেটভিউ২৪ডটকম/এসডি-০৮