ছবি: সিলেট ভিউ।

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত সীমাবদ্ধতামূলক নীতিমালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।

 

বৃহস্পতিবার (৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন  ও ইন্টার্ন ডক্টর'স ফোরামের নেতৃবৃন্দরা আলাদাভাবে হাসপাতালের পরিচালক বরাবরে এই দাবি জানানো হয়। এসময় নেতৃবৃন্দরা ৬ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।


 
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অতন্দ্র প্রহরী ও সেবার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও, বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক সমাজ আজ চরম বৈষম্য, অবহেলা আর নিরাপত্তাহীনতার মুখোমুখি। চিকিৎসকদের মেধা, শ্রম আর আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে বৈষম্যমূলক সিদ্ধান্ত। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই পরিস্থিতিতে নিজেদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং  জনস্বার্থ ও চিকিৎসকদের যৌক্তিক অধিকারের সপক্ষে আমাদের সুনির্দিষ্ট ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে এই আল্টিমেটাম পেশ করা হয়।


তাদের দেওয়া ৬দফা দাবিগুলো হলো- 
১. এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্তসমূহ, স্মারক নং (৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) টি ৪৮ ঘন্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।
২. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। In sicum Road si@igeone (ren o
৩. সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার, বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন নবম গ্রেডের সমমান এবং বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়ন করতে হবে (সদ্য প্রস্তাবিত পে স্কেলের অনুরূপ কাঠামো মেনে)।
৪. বিসিএস স্বাস্থ্যে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৫. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ১০০০ টাকার বেশি করা যাবে না।

 

অন্যদিকে ইন্টার্ন ডক্টর'স ফোরামের নেতৃবৃন্দরা জানান, সম্প্রতি এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানের ক্ষেত্রে ঘোষিত সীমাবদ্ধতামূলক নীতিমালার প্রতি আমরা, ইন্টার্ন ডক্টর' স ফোরাম, সিওমেকহা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন চিকিৎসক এমবিবিএস সম্পন্ন করার পর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। এ সময় অধিকাংশ চিকিৎসক আর্থিক সংকট, কর্মঘণ্টার চাপ এবং পেশাগত অনিশ্চয়তার সম্মুখীন হন। এমন বাস্তবতায় শুধুমাত্র নির্দিষ্ট র‍্যাংকের মধ্যে সীমাবদ্ধ রেখে ভাতা প্রদানের সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং ভবিষ্যৎ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির পথে একটি বড় প্রতিবন্ধকতা। দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরির স্বার্থে চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 


তাদের দেওয়া দাবিগুলো হলো-
১। বিসিপিএস এর নতুন প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে।
২। এফসিপিএস ও সংশ্লিষ্ট পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে ৫০০-১০০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে।
৩। বিসিএস পরীক্ষায় আবেদন করার বয়সসীমা বৃদ্ধি করতে হবে, যাতে দীর্ঘ শিক্ষাজীবনের কারণে চিকিৎসকরা বৈষম্যের শিকার না হন।
৪। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
৫। ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ন্যূনতম ৩০,০০০ টাকা এবং ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ন্যূনতম ৫০,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৬। নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন প্রদান বন্ধ করে বিদ্যমান মানহীন মেডিকেল কলেজগুলোর শিক্ষা, অবকাঠামো ও প্রশিক্ষণের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

এসময় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, একজন চিকিৎসক এমবিবিএস সম্পন্ন করার পর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। এ সময়ে অধিকাংশ চিকিৎসক আর্থিক সংকট, অতিরিক্ত কর্মঘণ্টা ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হন। এমন বাস্তবতায় শুধুমাত্র নির্দিষ্ট র‌্যাংকের মধ্যে সীমাবদ্ধ রেখে ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির স্বার্থে চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি। অন্যথায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া