ছবি: সংগৃহিত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়।
এ সময় মো. আইন উদ্দিন ও তাঁর ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/ইকে




